দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা বিলে হঠাৎ মাছের মড়ক দেখা দিয়েছে। গত কয়েক দিনে বিলের পানিতে বিভিন্ন প্রজাতির প্রায় ৩৫০ মণ মাছ মারা গেছে বলে দাবি স্থানীয় মৎস্যচাষি ও বাসিন্দাদের। পানির ওপর একের পর এক মরা মাছ ভেসে উঠছে। এতে মৎস্যচাষিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের ধারণা, পানির গুণগত মানের পরিবর্তন ও দ্রবীভূত অক্সিজেনের ঘাটতির কারণে মাছ মারা যেতে পারে। এ ছাড়া আশপাশের কৃষিজমির রাসায়নিক, বিলে পাট জাগ দেয়া এবং সাম্প্রতিক অতিরিক্ত গরমকেও সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করছেন তারা। তবে মাছের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, দলকা বিল এ এলাকার গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ। একই সঙ্গে বিলটি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও গুরুত্বপূর্ণ। মাছের ব্যাপক মৃত্যু অব্যাহত থাকলে মৎস্যচাষিদের আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। মৎস্যচাষিরা দ্রুত বিলের পানি ও মৃত মাছের নমুনা সংগ্রহ করে বৈজ্ঞানিক পরীক্ষা করার দাবি জানিয়েছেন।



