বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স হবে : তথ্যমন্ত্রী

Printed Edition

বরিশাল ব্যুরো

বরিশালে নির্মাণাধীন বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স আন্তর্জাতিক মানে গড়ে তুলে জনগণকে তথ্য ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা দেয়ার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালের তথ্য কমপ্লেক্সেও আধুনিক সুবিধা থাকবে। প্রতিটি তথ্য কমপ্লেক্সে আধুনিক মানের সিনেপ্লেক্সসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবার ব্যবস্থা থাকবে। বিশেষ করে গণমাধ্যমকর্মীরা এই কমপ্লেক্স থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

রোববার বরিশাল নগরীর কাশিপুরে তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণযোগাযোগ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ পর্যায়ক্রমে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণে আধুনিক তথ্য কমপ্লেক্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সচিব মাহবুবা ফারজানা বলেন, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: শাহ আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক আবদুল জলিল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বক্তব্য দেন।

স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক মনিরুজ্জামান জানান, ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বরিশালে সাততলা বিশিষ্ট তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে। পরে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন উপপ্রকল্প পরিচালক রেজাউর রাব্বী মনির।