বিবিসি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমানবাহিনীর একটি বি-৫২ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২০ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে উড্ডয়নের কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, লসঅ্যাঞ্জেলেস থেকে প্রায় ৯৫ কিলোমিটার উত্তরের এই ঘাঁটিতে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে সামরিক ও সরকারি কর্মকর্তা এবং বেসামরিক ঠিকাদারেরা অবস্থান করছিলেন। দুর্ঘটনার পরপরই আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে এবং আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে এখনো দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
বিশাল আকৃতির এই বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করে আসছে, যার ডাকনাম ‘দ্য বাফ’ বা ‘বিগ আগলি ফ্যাট’। সাধারণত পাঁচজন ক্রু দ্বারা পরিচালিত এই দীর্ঘপাল্লার বিমানটি সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধেও মার্কিন বাহিনী ব্যবহার করেছিল। ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এই বোমারু বিমানটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে, যার মধ্যে কয়েক শ’ সাধারণ বোমা অথবা ৩২টি পারমাণবিক অস্ত্র-সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত করা সম্ভব। উড্ডয়নরত অবস্থায় আকাশেই জ্বালানি ভরার সুবিধাযুক্ত এই বিমানটি বিশ্বের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম এবং এটি স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জন্য ‘নিউক্লিয়ার আমব্রেলা’ বা পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে ভূমিকা রেখেছিল। উদ্ধারকাজ শেষ হলে এই দুর্ঘটনা প্রসঙ্গে পরে আরো তথ্য জানানো হবে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে।



