৩ জেলায় সমন্বিত প্রশাসনিক পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

Printed Edition

উত্তরবঙ্গের তিন জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরের আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার প্রজ্ঞাপনের আলোকে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নদীভাঙন, বর্জ্য ব্যবস্থাপনা, সার ও বিদ্যুৎ সরবরাহ এবং স্বাস্থ্য পরিষেবার মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের নিয়মিত উপজেলা পর্যায় পরিদর্শনের পরামর্শ দেন এবং কুড়িগ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় পার্শ্ববর্তী জামালপুর ও লালমনিরহাট জেলার জেলা প্রতিনিধিদের যুক্ত করার কথা বলেন।

কৃষি খাতে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী নির্দেশ দেন, সারের কোনো কৃত্রিম সঙ্কট যেন তৈরি না হয়। ‘সার ডিলার নিয়োগ ও বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ অনুযায়ী দ্রুত শূন্য পদে ডিলার নিয়োগে জেলা ও উপজেলা কমিটিকে সক্রিয় করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নতুন ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ কার্যকর করা, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং খাল খনন কার্যক্রম জোরদারের নির্দেশ দেয়া হয়।

সার্বিক আইনশৃঙ্খলা ও গুজব প্রতিরোধে কেবল অভিযান নয়, বরং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার নির্দেশ দেন। পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূলের সার্বিক চিত্র সরাসরি দেখতে শিগগিরই তিনি সংশ্লিষ্ট জেলাগুলো সফরে যাবেন।

জুম প্ল্যাটফর্মে আয়োজিত এই বিশেষ সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো: মনিরুজ্জামান, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং রংপুর বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ের শীর্ষ প্রতিনিধিরা যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।