পঞ্চগড়ে ২ শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

Printed Edition

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে ‘দাদু’ বলে ডাকত। এ সুবাদে তারা মাঝে মধ্যে তার বাড়িতে খেলতে যেত। অভিযোগ রয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুদের নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং তাদের ধর্ষণ করেন।

এজাহার অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার ছয় বছর বয়সী এক শিশুকে এবং রোববার একই কায়দায় পাঁচ বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী এক শিশুর বড় আম্মা জানান, শিশু দু’টিকে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে দেখে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে এক শিশু ভয়ে কিছু বলতে না পারলেও পরে অন্য শিশু শারীরিক ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পঞ্চগড় সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা: মাছুদ বলেন, ‘দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।’