ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
গোপালগঞ্জে তালের পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে ২ নম্বর আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী থানার তিলছড়া গ্রামে ৮ম শ্রেণীতে পড়ুয়া ওই নাবালিকা ছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে উজ্জ্বল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই ঐতিহাসিক রায় ও ক্ষতিপূরণের নির্দেশ দেন। গোপালগঞ্জ প্রতিনিধি।
ট্রেনে কাটা পড়ে নিহত ১
রাজবাড়ীর কালুখালির চরসিলুকা গ্রামে রেললাইন পার হওয়ার সময় সাটল ট্রেনের ধাক্কায় হাফেজ সুলায়মান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গত রোববার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পোড়াদহ থেকে রাজবাড়ীগামী ট্রেনের ধাক্কায় তিনি মাথায় মারাত্মক আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সারারাত লাশ সেখানেই পড়ে থাকে। গতকাল সোমবার সকালে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের চাচা সুলতান মাহমুদ জানান, সুলায়মান মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে সকালে ফেসবুকে খবর পেয়ে তারা লাশ শনাক্ত করেন। সুলায়মান দুই বছর আগে কুরআনের হাফেজ হয়েছিলেন। এলাকার একজন নম্র ও ভালো মানুষ হিসেবে পরিচিত এই তরুণের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজবাড়ী প্রতিনিধি।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর মোরশেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী এবং টেকসই করতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। টেকসই উন্নয়নে এই দফতরের ভূমিকা অত্যন্ত সুদৃঢ়। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটুসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পোরশা (নওগাঁ) সংবাদদাতা।
হজ কাফেলার অফিস উদ্বোধন
মিরসরাই পৌর সদরের কলেজ রোডে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড মডেল সিটিতে ফেভারিট ফ্রেন্ডস হজ কাফেলার কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ফিতা কেটে অফিস উদ্বোধন করেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। সংগঠনের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও অফিস ব্যবস্থাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসমিল্লাহ ওভারসিজ অ্যান্ড হজ সার্ভিসের পরিচালক সামছুল আলম হাকিমী, চেয়ারম্যান আলহাজ আবুল আনোয়ার এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মাওলানা নুরুল করিম। প্রধান উপদেষ্টা খায়রুল ইসলাম ভূঁইয়া, হুমায়ুন কবির ও মোহাম্মদ নাসির উদ্দীনও এতে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সবশেষে শান্তিরহাট আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একরামুল হক দোয়া মুনাজাত পরিচালনা করেন। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।
পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মুনতাহা নামের দুই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের শামছুল আলমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে খেলা করার সময় মায়ের চোখের আড়ালে চলে যায় শিশু মুনতাহা। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: লাবিবা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসাবধানতাবশত এমন মৃত্যু রোধে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রতিনিধিরা। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।



