যশোর-৩ আসনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জামায়াত প্রার্থীর

Printed Edition

যশোর অফিস

যশোর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল কাদের অভিযোগ করেছেন, নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। মঙ্গলবার প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আবদুল কাদের বলেন, বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীদের শারীরিকভাবে আঘাত, হেনস্তা, গালাগাল ও হত্যার হুমকি দেয়া হচ্ছে। এসব ঘটনায় প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতে নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু এখন পর্যন্ত সে দায়িত্ব পালনে ব্যর্থতা দেখা যাচ্ছে। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভোটের পরিবেশ আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মোহাম্মদ আবদুল্লাহ, এনসিপির মুহা: নুরুজ্জামান, জামায়াতের অধ্যাপক আবুল হাশিম রেজা ও মাওলানা ইসমাইল হোসেনসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।