ক্রীড়া ডেস্ক
স্পেন, জার্মানি ও ইংল্যান্ডে ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্যের পর এবার ইতালির জাতীয় দলের দায়িত্বে দেখা যেতে পারে পেপ গার্দিওলাকে। ইতালীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সাবেক ম্যানচেস্টার সিটি কোচকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে আলোচনা শুরু করেছে।
প্রতিবেদনে জানানো হয়, এফআইজিসির নতুন কারিগরি পরিচালক পাওলো মালদিনি এবং তার উপদেষ্টা লিওনার্দো বার্সেলোনায় গিয়ে তিন দিন ধরে গার্দিওলার সাথে বৈঠক করেছেন। ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনি ও আন্দ্রেয়া পিরলোও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। তবে গার্দিওলা দায়িত্ব নিলে তিনি হবেন ১৯৬০-এর দশকের পর ইতালির জাতীয় দলের প্রথম বিদেশি কোচ।
৫৫ বছর বয়সী গার্দিওলা ইতালীয় ভাষায় সাবলীল এবং ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে ব্রেসিয়া ও রোমার হয়ে সেরি ‘আ’-তে খেলেছেন। গত মে মাসে ম্যানচেস্টার সিটির সাথে সফল ১০ বছরের অধ্যায় শেষ করার পর তিনি এখনো নতুন কোনো দলের দায়িত্ব নেননি।
ইউরো ২০২১-এর চ্যাম্পিয়ন ইতালি টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয়েছে। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাই প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে বিদায় নেয়ার পর গত এপ্রিলে কোচ গাত্তুসো পদ ছাড়েন।
এ দিকে গার্দিওলা কোচিংয়ে ফিরতে চাইলে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও আগ্রহ দেখাতে পারে বলে মত দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়েন রুনি। তার মতে, বর্তমান কোচ টমাস টুখেলকে সরানোর সিদ্ধান্ত হলে গার্দিওলাই হতে পারেন সবচেয়ে যোগ্য বিকল্প।
ম্যানচেস্টার সিটির দায়িত্বে এক দশকে গার্দিওলা ২০টি শিরোপা জিতেছেন। এর মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং ২০২৩ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।



