বগুড়া অফিস
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে মসজিদের উন্নয়নকাজের টাকা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি, উপজেলা কৃষকদলের সদস্য ও আমরুল ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি এবং শৈলধুকরী মাদরাসা সংলগ্ন জামে মসজিদের সভাপতি আলমগীর হোসেনসহ বিএনপির বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমরুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শৈলধুকরী মাদরাসা সংলগ্ন জামে মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ পেতে উদ্যোগ নেয়া হয়। এ জন্য সংশ্লিষ্টদের সম্মতিক্রমে ঢাকা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় খরচের জন্য বিএনপি নেতা ও মসজিদের সভাপতি আলমগীর হোসেন কে প্রায় ৭০ হাজার টাকা দেয়া হয়। আলমগীর হোসেনের ভাষ্য অনুযায়ী, আগামী ১৯ আগস্ট মসজিদের নির্মাণকাজের টেন্ডার হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের হিসাব-নিকাশ নিয়ে আলোচনা শুরু হয়। এ সময় ওই ৭০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।



