আতিকুর রহমান ঝালকাঠি
ঝালকাঠি জেলা পরিষদের প্রায় চার শতাধিক উন্নয়ন প্রকল্পের অনুমোদন অনিশ্চয়তায় পড়েছে। স্থানীয় সংসদ সদস্যদের আপত্তির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রকল্পগুলো নিয়ে জেলা পরিষদ প্রশাসককে নির্বাচিত সংসদ সদস্যদের সাথে আলোচনা করার নির্দেশ দিয়েছে। ফলে প্রায় ৭ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ের উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলার চার উপজেলার জন্য প্রস্তাবিত চার শতাধিক প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে ঝালকাঠির দুই সংসদ সদস্য, রফিকুল ইসলাম জামাল ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, গত ২৮ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যৌথভাবে চিঠি দিয়ে অভিযোগ করেন, জেলা পরিষদ আইন অনুযায়ী উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে তাদের সাথে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি। তারা সংসদ সদস্যদের মতামত ছাড়া নেয়া প্রকল্প কার্যক্রম স্থগিত রাখারও অনুরোধ জানান।
এ অভিযোগের পর মন্ত্রণালয় জেলা পরিষদ প্রশাসককে পাঠানো এক চিঠিতে স্থানীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা করে উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশ দেয়।
সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, জেলা পরিষদ আইনে সংসদ সদস্যরা পদাধিকারবলে পরিষদের উপদেষ্টা। তাই উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তাদের সাথে আলোচনা করা আইনগত বাধ্যবাধকতা। এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো দাবি করেন, তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রস্তাবনা প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
অন্য দিকে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সংসদ সদস্যদের পাঠানো কিছু প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পৌরসভা এলাকায় জেলা পরিষদের প্রকল্প বাস্তবায়নের এখতিয়ার না থাকায় কয়েকটি প্রস্তাব বাদ দেয়া হয়েছে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করেই প্রকল্পগুলো প্রণয়ন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরো বলেন, প্রকল্পগুলোর অনুমোদন বিলম্বিত হলে জেলার উন্নয়ন কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন বলে জানান।
এ দিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে প্রশাসক ও দুই সংসদ সদস্যের মধ্যে সমন্বয়হীনতার প্রভাব জেলার উন্নয়ন কার্যক্রমে পড়ছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত সমন্বয়ের মাধ্যমে প্রকল্পগুলোর অনুমোদন নিশ্চিত করা না গেলে উন্নয়ন কাজ আরো দীর্ঘ সময় পিছিয়ে যেতে পারে।



