ঢাবি ভিসির সাথে প্রতিনিধিদলের সাক্ষাৎ

উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে সহায়তা দেবে জাইকা

Printed Edition

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধি মি. নিশি রিজুকির নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো: তারিক, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম তালুকদার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শায়লা কবির, ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিমুল হালদার, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সুগত আহমেদ এবং জনসংযোগ অফিসের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠককালে জাইকার অর্থায়নে ‘বাংলাদেশের উচ্চশিক্ষা সহায়তায় সম্ভাব্য ইয়েন ঋণ প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। জাইকা প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে ইকো-সিস্টেম প্রতিষ্ঠা এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। গবেষণা দক্ষতার উন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রেও তারা সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরো যৌথ সহযোগিতামূলক একাডেমিক ও গবেষণা কর্মসূচি গ্রহণ এবং আঞ্চলিক ও স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্ক শক্তিশালী করার ওপর তারা গুরুত্বারোপ করেন। জাইকা প্রতিনিধিদলের প্রধান এ বিষয়ক প্রকল্পের একটি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।