ক্রীড়া প্রতিবেদক
জনপ্রিয় এক কনটেন্ট ক্রিয়েটরকে বুট উপহার দিয়েছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। আইশোস্পিড গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রোনালদোর উপহার পাওয়া বুট নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, থলে থেকে সোনালি রঙের ‘সিআরসেভেন’ লেখা একটি বুট বের করে হাতে নিয়ে জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন। আইশোস্পিড বলেন, ‘রোনালদো আমাকে তার নিজের বুট জোড়া দিয়েছেন। পুরো পৃথিবীতে এই রকম মাত্র দুটো বুট তৈরি করা হয়েছে। আর রোনালদো সেগুলোর একটা আমাকে দিয়েছেন। এগুলো তিনি বিশ্বকাপে পরেছিলেন।’
লস অ্যাঞ্জেলেসে স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার সময় তিনি রোনালদোর কাছ থেকে উপহার পাওয়া বুটের প্রশংসা করেছেন। রোনালদোর মতো করে ‘সিউ’ উদযাপনও করেছেন। ৬ জুলাই রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরেই পর্তুগালের বিশ্বকাপ থেকে পথচলা শেষ হয়ে যায়। ডালাসে শেষ ষোলোর সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গোল করেছিলেন মিকেল মেরিনো। সোনালি ট্রফি জিততে না পারার আক্ষেপে বিদায়বেলায় অঝোরে কাঁদছিলেন রোনালদো। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ২৭ ম্যাচে করেছেন ১১ গোল। অ্যাসিস্ট করেছেন ২ গোলে। ছয়টি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার এখন রোনালদো।



