এএফপি
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজের চাকায় আগুন লাগে। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।
উড়োজাহাজটিতে ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানান, ইস্তাম্বুল থেকে আসা ফ্লাইটটির ডান দিকের ল্যান্ডিং গিয়ারে স্ফুলিঙ্গ সৃষ্টি হওয়ার পর একপাশের দুই চাকায় আগুন ধরে যায়। তিনি বলেন, সবাই নিরাপদে আছেন এবং উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
ঘটনার কারণে বিমানবন্দরের একমাত্র রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে তা আবার চালু করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, উড়োজাহাজটি ছিল টার্কিশ এয়ারওয়েজের। সকাল ৬টা ৪৫ মিনিটে রানওয়ে স্পর্শ করার পরপরই চাকায় আগুন ধরে যায়। অবতরণের পর জরুরি নির্গমণ পথ খুলে দেয়া হয় এবং সব যাত্রী নিরাপদে বের হয়ে আসেন। কয়েকজন আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়। বিমানবাহিনীর অগ্নিনির্বাপক বাহিনীর সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ত্রিভূবন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা এসপি রাজকুমার জানান, আগুন নেভানোর পাশাপাশি দ্রুততম সময়ে সব যাত্রী ও ক্রুকে নিরাপদে নামানো হয়েছে। আগুন লাগার পর বিমানটি কিছুক্ষণ রানওয়েতে আটকা থাকায় ফ্লাইট চলাচল ব্যাহত হয় এবং কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের আগমন আটকে রাখা হয়। হিমালয়ঘেরা নেপালে বিশ্বের সবচেয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ রানওয়ে রয়েছে। বরফে ঢাকা পর্বতশৃঙ্গ ও ভূখণ্ডের কারণে বিমান চালানো অভিজ্ঞ পাইলটদের জন্যও বড় চ্যালেঞ্জ।



