স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান বজায় রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এপিক হেলথ কেয়ার। ঢাকার বাইরে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে টানা তৃতীয়বারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও) স্বীকৃত ‘আইএসও ১৫১৮৯’ এক্রিডিটেশন সনদ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৯ ও ২০২২ সালেও প্রতিষ্ঠানটি এই গৌরবময় সনদ অর্জন করেছিল। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য এই তৃতীয় এক্রিডিটেশন সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ এক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম এপিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস এম আবু সুফিয়ানের হাতে এই সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এক্রিডিটেশন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এপিক হেলথ কেয়ারের ডিজিএম ডা: সোমেন পালিত, এজিএম ডা: হামিদ হোছাইন আজাদ ও ল্যাব ইনচার্জ মো: আবু নাছিম নিজামী।
সনদ গ্রহণকালে ইঞ্জিনিয়ার এস এম আবু সুফিয়ান বলেন, “এক সময় বিদেশে চিকিৎসা বা কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের মেডিক্যাল রিপোর্ট গ্রহণ করা হতো না। আইএসও এক্রিডিটেশনের ফলে সেই চিত্র বদলেছে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখায় আমাদের ল্যাব টেস্টের গ্রহণযোগ্যতা এখন বিশ্বব্যাপী।” এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির এই অর্জনকে রোগী ও সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, মান নিয়ন্ত্রণ, অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ জনবলের নিরলস পরিশ্রমের ফলেই এই আন্তর্জাতিক স্বীকৃতি বজায় রাখা সম্ভব হয়েছে।
বক্তারা বলেন, চট্টগ্রামে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে টানা তিনবার এই মাইলফলক অর্জন স্বাস্থ্যসেবায় এপিক হেলথ কেয়ারের অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি আরো উন্নত ও নির্ভরযোগ্য রোগীবান্ধব সেবা নিশ্চিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।



