কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দী বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হলে মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশী বন্দীরা মানবিক বিবেচনায় নিজ দেশে ফিরে বাকি সাজা ভোগের সুযোগ পাবেন।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে এ কথা জানানো হয়েছে। হাইকমিশন বলেছে, উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুক্তিটি দ্রুত কার্যকর করতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চুক্তিটি শিগগিরই সই ও কার্যকর হবে। এর ফলে দুই দেশের আইনি ও মানবিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা হবে, যা বন্দীদের মানসিক উন্নয়ন ও সামাজিক পুনর্বাসনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সে দেশের মাফুশি কারাগার পরিদর্শন করেছে। প্রতিনিধি দলটি কারাগারে আটক ৪৪ জন বাংলাদেশী বন্দীর সাথে সাক্ষাৎ করে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। মাফুশি কারাগারে আটক বাংলাদেশী বন্দীদের মধ্যে ৩৪ জন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন রয়েছেন। প্রতিনিধি দলটি পরে মালদ্বীপের কারা কর্তৃপক্ষের সাথে বৈঠক করে বাংলাদেশী বন্দীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়গুলো তুলে ধরে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধাগুলো দ্রুত নিশ্চিত করার অনুরোধ জানায়।
কারাগার পরিদর্শন শেষে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশী নাগরিকের মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রবাসে অবস্থানরত বাংলাদেশীদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।



