ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার প্রশংসায় আইএলও কান্ট্রি ডিরেক্টর

Printed Edition

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ঢাকা ইপিজেড)-এর শ্রমিক কল্যাণ সুবিধা ও কার্যক্রমের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, আইএলও এবং বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপরে (বেপজা) মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আগামীতে আরও সুদৃঢ় হবে। গত ১৫ জুলাই ঢাকা ইপিজেড পরিদর্শনের শেষে তিনি এই মন্তব্য করেন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি ইপিজেডে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের কল্যাণ নিশ্চিতকরণে বেপজার উদ্যোগগুলোর প্রশংসা করেন। সফরকালে আইএলও এর সোশ্যাল প্রোটেকশন প্রজেক্ট এর প্রোগ্রাম ম্যানেজার সাদ গিলানি এবং আইএলও বাংলাদেশ কান্ট্রি অফিসের সিনিয়র প্রোগাম ম্যানেজার. তানজিলুত তাসনুবা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। ঢাকা ইপিজেডে পৌঁছালে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, প্রতিনিধিদলকে স্বাগত জানান। ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ শরিফুল ইসলাম বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯, বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২, কর্মেেত্র নিরাপত্তা ও স্বাস্থ্য, কমপ্লায়েন্স কার্যক্রম, শ্রমিকদের অধিকার, করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন শ্রমিক কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা করেন। পরবর্তী মতবিনিময় পর্বে বেপজার নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম বেপজার শ্রমবান্ধব নীতিমালা, কাঠামো এবং কমপ্লায়েন্স বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করেন। বিজ্ঞপ্তি।