সেনাবাহিনীর স্টিকার লাগানো গাড়িতে ২৮ হাজার ইয়াবা

Printed Edition

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজার শহরে সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ড ক্রুজার থেকে ২৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল ওবায়দুল হাসান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেফতার ওবায়দুল হাসান বগুড়া পৌরসভার বাগুপাড়া এলাকার বাসিন্দা। তিনি ২০১৯ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন এবং বর্তমানে গাজীপুরে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের তথ্যের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট বসায়। সন্দেহভাজন গাড়িটিকে থামার সঙ্কেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। তল্লাশিতে গাড়ির সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুল হাসান দাবি করেছেন, গাড়িতে ইয়াবা কিভাবে এসেছে, তা তিনি জানেন না।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সেনাবাহিনীর স্টিকার ব্যবহার করে মাদকপাচারের ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।