নিজস্ব প্রতিবেদক
জনগণের আমানত, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
গতকাল এক বিবৃতিতে এ আহবান জানান তারা। শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাসে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় অধ্যায়। চার দশকেরও বেশি সময় আগে যখন সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা অনেকের কাছে কেবল একটি তাত্ত্বিক ধারণা ছিল, তখন কিছু দূরদর্শী ইসলামী চিন্তাবিদ, অর্থনীতিবিদ ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব ইসলামী অর্থনীতির নীতিমালার আলোকে একটি বিকল্প আর্থিক ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের বাস্তব রূপ আজ বাংলাদেশের ইসলামী ব্যাংকিং শিল্প, যার অন্যতম প্রধান ভিত্তি ও পথিকৃৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ। সারা বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে।
তারা আরো বলেন, আজ দেশের কোটি মানুষের আস্থা, লক্ষাধিক আমানতকারী, হাজারো উদ্যোক্তা, ব্যবসায়ী, কৃষক, প্রবাসী এবং সাধারণ মানুষের জীবন-জীবিকার সাথে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন, কৃষি অর্থায়ন, রফতানি বাণিজ্য সম্প্রসারণ, রেমিট্যান্স আহরণ এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এই খাতের অবদান দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ গুরুত্ব বহন করে।
ওলামায়ে কেরাম বলেন, আমরা বিশ্বাস করি, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক কাঠামোর নাম নয়; এটি একটি নৈতিক অঙ্গীকার, যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাস্তব উৎপাদন, ব্যবসা, অংশীদারত্ব এবং সামাজিক কল্যাণের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়। এ কারণে ইসলামী ব্যাংকিং আজ শুধু মুসলিম বিশ্বেই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশেও ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা গভীর গুরুত্বের সাথে স্মরণ করিয়ে দিতে চাই যে জনগণের আমানত একটি পবিত্র আমানত। এই আমানতের সাথে জড়িয়ে আছে মানুষের জীবনব্যাপী সঞ্চয়, সন্তানের শিক্ষা, পরিবারের ভবিষ্যৎ, ব্যবসায়িক উদ্যোগ এবং বার্ধক্যের নিরাপত্তা। দেশের ব্যাংকিং খাত, বিশেষত বৃহৎ জনগোষ্ঠীর আস্থার কেন্দ্রবিন্দুতে থাকা প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা জাতীয় দায়িত্ব।
আলেমরা বলেন, আমরা মনে করি, দেশের অর্থনৈতিক স্বার্থ, আর্থিক নিরাপত্তা এবং জনগণের আস্থা রক্ষার প্রশ্নে সবার উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের বিশ্বাস অক্ষুণœ রাখা, সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা সময়ের অপরিহার্য দাবি। মত ও পথের ভিন্নতা থাকতে পারে; কিন্তু জাতীয় স্বার্থ, জনগণের সম্পদ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে আমাদের অবস্থান হওয়া উচিত ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল।
এই লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের উদ্যোগে আগামীকাল ৭ জুন রোববার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন ও সমন্বিত নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দেশের সর্বস্তরের আলেম-ওলামা, আমানতকারী, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের উপস্থিত থেকে জনগণের আমানতের নিরাপত্তা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার পক্ষে সংহতি প্রকাশের জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে স্বাক্ষরকারী শীর্ষ ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, ইসলামী ব্যাংক শরিয়া কাউন্সিলের সাবেক মেম্বার সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাওলানা কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী, ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের আমির ও সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শামছুল আলম (সদ্য বিদায়ী ভাইস চ্যান্সেলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়), সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, ইসলামী ব্যাংক শরিয়াহ কাউন্সিলের সাবেক সেক্রেটারি ড. মাওলানা আব্দুস সামাদ, শরিয়াহ কাউন্সিলের সদস্য মাওলানা মহিউদ্দিন রব্বানী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. সামিউল হক ফারুকী, বিভিন্ন ইসলামী ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের সদস্য প্রফেসর আ ন ম রশিদ আহমাদ মাদানী, ড. মাওলানা নুরুল্লাহ মাদানী, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আশরাফী, হক্কানী পীর মাশায়েখ পরিষদের মহাসচিব মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দীকি, খেলাফাতে রব্বানী আমির মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আহমদ আলী কাসেমী, পীর মাওলানা শরীফ হোসাইন, মুসলিম জনতা পরিষদের আমির মাওলানা আজিজুর রহমান আজিজ, মুফতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, শাহ এমদাদুল্লাহ পীর সাহেব, হক্কানী ত্বরীকত মিশনের আমির শাইখ নুরুল ইসলাম ফয়েজী, হক্কানী ত্বরীকত মিশনের জেনারেল সেক্রেটারি আল্লামা মুস্তাক আহমাদ, ইসলামী ঐক্য মঞ্চ সভাপতি মাওলানা ইদ্রিস হোসাইন, সেক্রেটারি আবদুস সাত্তার, খাদেমুল ইসলাম জামাত আমির মাওলানা মুহিবুল্লাহ, জমিয়াতে উলামা দেওবন্দ পরিষদের সভাপতি মাওলানা মুহাদ্দেস আবদুল্লাহ কাসেমী ও সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী, মিরেরসরাই পীর মাওলানা আ: মোমেন নাছেরী, টেকের হাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ।



