রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

Printed Edition

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১২-২৭ নভেম্বর পর্যন্ত চলবে। বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব বিষয়ে সুপারিশ করা হয়। ভিসি প্রফেসর ড. মো: ফরিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ।