ক্রীড়া প্রতিবেদক
টেস্টে ইনিংস ও ৮৪ রানে হার। তিন ম্যাচ সিরিজের দুটিতে হেরে ধবলধোলাইয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আজ বেলা দেড়টায় হারারে স্পোর্টস গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডেতে নিজেদের লজ্জা এড়াতে জয়ের কোনো বিকল্প নেই তৌহিদ হৃদয় বাহিনীর। আর জিম্বাবুয়ে চাইবে হোয়াইটওয়াশ করতে। দ্বিতীয় ম্যাচে বেন কারানের সেঞ্চুরিতে জয়ে একটু বেশিই নির্ভার স্বাগতিকরা।
প্রথম ওয়ানডেতে ২৫ রানের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ১৩ রানে হেরে যায় বাংলাদেশ। দুই ম্যাচেই রান তাড়ায় দায়িত্বশীল ব্যাটিংয়ের অভাব ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী জুটির ধারাবাহিক ব্যর্থতা, মাঝের সারির অনিয়মিত পারফরম্যান্স এবং শেষ দিকে ইনিংস গুছিয়ে নেয়ার অক্ষমতা সফরজুড়েই ভুগিয়েছে টাইগারদের। বোলিংয়েও প্রয়োজনীয় সময়ে উইকেট তুলে নেয়ার ধারাবাহিকতা দেখা যায়নি।
অন্য দিকে সিরিজ নিশ্চিত করার পর বেশ নির্ভার অবস্থায় রয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডেতে বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরি স্বাগতিকদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। অভিজ্ঞ ক্রিকেটাররা ব্যাট-বলে ধারাবাহিক অবদান রেখে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করেছেন। নিজেদের মাঠে টানা ভালো ক্রিকেট খেলায় এখন হোয়াইটওয়াশের স্বপ্নও দেখছে স্বাগতিকরা।
পরিসংখ্যানও বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। সব মিলিয়ে ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে জিম্বাবুয়ে। বিশেষ করে হারারের উইকেটে স্বাগতিকরা বরাবরই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলে।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ব্যাটিং ইউনিটের ঘুরে দাঁড়ানো। অধিনায়ক তৌহিদ হৃদয়, তানজিদ হাসান ও শেখ মাহেদীকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। একই সাথে নতুন বলে বোলারদের দ্রুত উইকেট তুলে এনে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে।
সিরিজ হাতছাড়া হয়ে গেছে আগেই। এখন প্রশ্ন একটাই। বাংলাদেশ কি অন্তত একটি জয় দিয়ে সফরের হতাশা কিছুটা কমাতে পারবে, নাকি হারারের মাঠেই পূর্ণ হবে জিম্বাবুয়ের হোয়াইটওয়াশের উৎসব?
পাঁচ বছর পর দলে সাইফউদ্দিন
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে এবং টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অন্য দিকে টি-২০ দলে নেয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। এর আগে সবশেষ ২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন সাইফউদ্দিন। পাঁচ বছর পর এই সংস্করণে ফের মাঠে নামার সুযোগ পেলেন তিনি।
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলবেন বলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে মোস্তাফিজ চোট পাওয়ায় ঢাকা এক্সপ্রেসকে দলে ফেরাল বিসিবি। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন বাঁহাতি পেসার।
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে ছিলেন মোস্তাফিজ। সে ম্যাচেই চোট পান তিনি। দ্বিতীয় ম্যাচে ছিলেন মাঠের বাইরে। বাজে ব্যাটিংয়ে টানা দুই ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে এবার সফরকারীদের সামনে ধবলধোলাই এড়ানোর মিশন। আজ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পাচ্ছেন। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মোস্তাফিজুর দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। এ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক প্যানেল টি-২০ দলে মোস্তাফিজুর রহমানের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করেছে।’



