ক্রীড়া ডেস্ক
দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক একক টেনিসে ফিরছেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনে শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন তিনি। দ্বিতীয় বাছাই এই স্প্যানিশ তারকার প্রথম প্রতিপক্ষ রাশিয়ার রোমান সাফিউলিন। ডান কবজির চোট কাটিয়ে ফেরার পর এই ম্যাচই হতে যাচ্ছে আলকারাজের ফিটনেসের প্রথম বড় পরীক্ষা।
গত বছর নিউ ইয়র্কে শিরোপা জেতা আলকারাজ চলতি মৌসুমে কবজিতে প্রদাহের কারণে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন মিস করেন। অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও দীর্ঘ সময় কোর্টের বাইরে থাকতে হয়েছে ২৩ বছর বয়সী তারকাকে। চলতি সপ্তাহে সেরেনা উইলিয়ামসের সাথে ইউএস ওপেনের মিক্সড ডাবলসে অংশ নিয়ে কোর্টে ফিরেছেন তিনি। তবে সেই ম্যাচে ডান হাতে লম্বা কমপ্রেশন সিøভ পরা আলকারাজকে পুরোপুরি স্বচ্ছন্দ মনে হয়নি।
সাফিউলিনের বিপক্ষে ম্যাচটি তাই স্প্যানিশ তারকার জন্য সহজ হবে না। শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক গ্রাউন্ডস্ট্রোকের জন্য পরিচিত ২৯ বছর বয়সী রুশ খেলোয়াড় গত মাসে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন। সেখানে নোভাক জোকোভিচের কাছে হেরে বিদায় নেন তিনি। পাঁচ সেটের গ্র্যান্ড সø্যাম ম্যাচে আলকারাজের কবজি কতটা চাপ সামলাতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।
আলকারাজ সাফিউলিনকে পেরোতে পারলে শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের টমি পল কিংবা কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিক। কোয়ার্টার ফাইনালে আর্থার ফিলস বা বেন শেলটনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেমিফাইনালে দেখা হতে পারে জোকোভিচের সাথে।
এদিকে জোকোভিচের ২৫তম একক গ্র্যান্ড সø্যাম জয়ের রেকর্ড গড়ার অভিযান শুরু হবে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে তার সম্ভাব্য প্রতিপক্ষ মাত্তেও বেরেত্তিনি অথবা স্টান ওয়াওরিঙ্কা।
সিন্নারের চোটের কারণে শীর্ষ বাছাই হওয়া জার্মানির আলেকজান্ডার জভেরেভ প্রথম রাউন্ডে খেলবেন ইতালির লরেঞ্জো সোনেগোর বিপক্ষে।



