বিবিসি
সাহারা মরুভূমির চরম বৈরী আবহাওয়া আর তীব্র দাবদাহের মধ্যে পড়ে তৃষ্ণায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন যাত্রী। আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলীয় এক প্রত্যন্ত মরু এলাকায় গাড়ি বিকল হয়ে যাওয়ার পর এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটে। নাইজার ও আলজেরিয়া সীমান্তের প্রধান পারাপার কেন্দ্র আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে নাইজারের আগাদেজ প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
মালির একটি ধর্মীয় উৎসব শেষ করে এক ট্রাকে চেপে বাড়ি ফিরছিলেন ওই যাত্রীরা। পথিমধ্যে মরুভূমির বুকে আকস্মিকভাবে তাদের বহনকারী ট্রাকটি নষ্ট হয়ে যায়। তীব্র তাপমাত্রা আর আশপাশে কোনো লোকালয় বা পানির উৎস না থাকায় দ্রুতই পরিস্থিতি জীবনসঙ্কটে রূপ নেয়। ট্রাকচালক, তার সহকারী এবং আরোহীরা মিলে কয়েক দিন ধরে গাড়িটি সচল করার আপ্রাণ চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। একপর্যায়ে মজুদ থাকা পানি ফুরিয়ে গেলে মরুভূমির প্রচণ্ড গরমে একে একে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরেন মাত্র দুজন যাত্রী। তারা তপ্ত বালুর ওপর দিয়ে প্রায় ৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে কোনোমতে আসামাকা সীমান্তে পৌঁছান এবং প্রশাসনকে বিষয়টি জানান।



