দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, দেশের বিশাল যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। গতকাল শনিবার যুবসমাজকে জাতীয় উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদফতরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো: মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন,এখানে সবার দায়িত্ব রয়েছে এবং আমি সবাইকে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করার আহ্বান জানাই।

তিনি কর্মশালায় সবার গুরুত্বপূর্ণ সুপারিশ আগামী সাত দিনের মধ্যে লিখিত আকারে প্রস্তাব হিসেবে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেন। কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি চার মাস পরপর সভা আয়োজন করা হবে বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে যুবদের গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হলেও অপ্রাসঙ্গিক ও অনুযোগী ট্রেডগুলো বাদ দিয়ে নতুন প্রজেক্ট গ্রহণ করা হবে। এর অংশ হিসেবে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ার গিভিং এবং থার্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্সগুলো উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এ ছাড়া প্রতিটি উপজেলায় আধুনিক ট্রেনিং সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত বিষয়ে মন্ত্রণালয় পর্যালোচনা করছে। যুবদের স্বাবলম্বী করতে সরকারের দেয়া ঋণের অপব্যবহার ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। ঋণের টাকা যেন কোনোভাবেই অনিয়মে ব্যবহার না হয় তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

সঠিক সময়ে অফিসে আসার শৃঙ্খলা বোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষিত যুবকদের সঠিক মূল্যায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে ইতোমধ্যেই প্রশিক্ষণার্থীদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে পরিচালিত প্রতিটি কার্যক্রমের মাঠপর্যায়ে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম। কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও যুব উন্নয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।