নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

আনোয়ারায় মা ও শিশু হাসপাতালের কার্যক্রম বন্ধ

Printed Edition

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

জাতীয় দৈনিক নয়া দিগন্তে ‘আনোয়ারায় আলট্রাসনোগ্রাম রিপোর্টে ভুল তথ্য দেয়ার অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা মা-শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাতাব উদ্দিন চৌধুরী প্রতিষ্ঠানটি পরিদর্শন করে এ নির্দেশ দেন। একই সাথে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের এক ঘণ্টার মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

জানা গেছে, উপজেলার এক প্রসূতি রোগীর আলট্র্রাসনোগ্রাম রিপোর্টে কোনো জটিলতা না থাকার তথ্য দেয়া হলেও পরবর্তীতে চট্টগ্রামের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আবার পরীক্ষায় একটোপিক প্রেগন্যান্সি (জরায়ুর বাইরে গর্ভধারণ) শনাক্ত হয়। এ ঘটনায় রোগীর স্বামী মিজানুর রহমান লিখিত অভিযোগ দেন।