জেলা পরিষদকে জনগণের পরিষদ হিসেবে গড়ে তুলছি : নাসির উদ্দিন

Printed Edition

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি জেলা পরিষদ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, জেলা পরিষদকে সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি কাজ করছেন। জনগণের কল্যাণে এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান।

প্রশাসক বলেন, জেলা পরিষদে সেবা নিতে আসা মানুষ যেন কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেবাগ্রহীতাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় সেবা দেয়ারও নির্দেশ দেন তিনি। কালু বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পরিষদকে আধুনিক, জনবান্ধব ও হয়রানিমুক্ত সেবাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

সরদার এ কে এম নাসির উদ্দিন কালু শরীয়তপুর-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত ১৫ মার্চ স্থানীয় সরকার বিভাগ তাকে শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।