মুলাদীতে ১৭ মণ রঙ মেশানো মাছ জব্দ, মাটিচাপা

Printed Edition

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের মুলাদীতে প্রায় এক লাখ টাকা মূল্যের ১৭ মণ পচা ও কেমিক্যালযুক্ত রঙ মেশানো মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে মুলাদী পৌর সুপার মার্কেটে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে নয়াভাঙ্গুলী নদীর পাড়ে গর্ত করে মাছগুলো মাটিচাপা দেয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সুপার মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে মজুদ করা পচা ও রঙ মেশানো পোয়া মাছগুলো জব্দ করা হয়। অভিযানে মাছ ব্যবসায়ী মজিবুর রহমানকে (৫২) আটক করা হয়েছে।

মুলাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা এবং মুলাদী থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পরাগ সাহা বলেন, জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় মাছগুলো জব্দ করে মাটিচাপা দেয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।