ক্রীড়া ডেস্ক
‘এল ক্লাসিকো’ কোনো সাধারণ ম্যাচ নয়। কিন্তু দুই দলের মাঠের লড়াইয়ে তেমনটা বোঝা গেল না। ন্যূ ক্যাম্পে শিরোপার ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে গত পরশু বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। মৌসুমের শেষ ক্লাসিকোয় ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে হ্যান্সি ফ্লিকের দলের। মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়িয়েছেন ফেরান টরেস। উত্তাপহীন লিগ শিরোপা নিশ্চিত করা সেই ম্যাচে নড়বড়ে প্রতিপক্ষকে অনায়াসে ২-০তে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯টি শিরোপা জিতল বার্সেলোনা। তবে ঘরের মাঠে এবারই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ক্লাবটির উৎসবে যোগ হয়েছে নতুন রং। ৩৫ রাউন্ড শেষে ৯১ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুই রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বাবা হারান বার্সেলেনা কোচ ফ্লিক। তবে পেশাদারিত্বের প্রতি সম্মান জানিয়ে ডাগআউটে ছিলেন তিনি। ২০২৪ সালের গ্রীষ্মে এলোমেলো বার্সেলোনার দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলকে লিগ শিরোপা জেতান এই জার্মান কোচ। এ নিয়ে টানা দ্বিতীয়বার একই স্বাদ পেলেন তিনি।
লিগে চলতি মৌসুমে নিজেদের মাঠে কোনো ম্যাচই হারেনি বার্সেলোনা। শিরোপার সুবাস নিয়ে এদিন শুরুটাও দারুণ করে বার্সেলোনা। ম্যাচের ১৮ মিনিটে ডি-বক্সের একটু বাইরে টরেস ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় স্বাগতিকরা। দারুণ বাঁকানো শটে রক্ষণ দেয়ালকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন রাশফোর্ড। এই নিয়ে লিগে সবশেষ ছয় ম্যাচে চারটি গোল করলেন ইংলিশ এই ফরোয়ার্ড। ওই ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগই পায়নি রিয়াল। রক্ষণের দুর্বলতার সুযোগে ৯ মিনিট পর দ্বিতীয় গোল হজম করে তারা। বাঁ দিক থেকে আসা ক্রস ডি-বক্সে অ্যান্তোনিও রুডিগারের চ্যালেঞ্জ সামলে দারুণভাবে কাটব্যাক করেন দানি ওলমো। আর ফাঁকায় বল পেয়ে জোরাল শটে থিবো কর্তোয়াকে পরাস্ত করেন টরেস। এবারের লিগে স্প্যানিশ ফরোয়ার্ডের এটি ১৬তম গোল। আর মৌসুমে সব মিলে ২১টি।
দ্বিতীয় গোল হজম করার তিন মিনিট পর গোল শোধের দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। কাছ থেকে শট লক্ষ্যেই রাখতে পারেননি গন্সালো গার্সিয়া। ১০ মিনিট পর আরেকবার বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় রিয়াল। তবে ভিনিসিয়াসের পাসে ডি-বক্সের বাইরে বল পেয়ে চুয়ামেনির নেয়া শটও পোস্টের বাইরে যায়। বাকি সময় আর ম্যাচে ফেরার মতো তেমন আশা জাগানিয়া কিছু করতে পারেনি রিয়াল। গত মৌসুমে বার্সাকে ঘরোয়া ট্রেবল জেতানো ফ্লিক এ মৌসুমেও জিতলেন স্প্যানিশ সুপার কাপ ও লিগ শিরোপা। ফ্লিকের অধীনে দুই মৌসুমে এটা বার্সার পঞ্চম শিরোপা।



