নিজস্ব প্রতিবেদক
নবম পে-স্কেলের আদলে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। একই সাথে দ্রুত মজুরি বোর্ড গঠন, শ্রমিক ছাঁটাই বন্ধ, বন্ধ কারখানা চালু এবং শ্রম আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানান তিনি।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের ১০ দফা দাবিতে আয়োজিত সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান, মূল্যস্ফীতি ও সামাজিক মর্যাদা বিবেচনায় নিয়ে যেভাবে নবম পে-স্কেল ঘোষণা করা হয়েছে, একই মাপকাঠিতে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। কোনো বৈষম্যপূর্ণ বা ‘ম্যানেজ’ করা মজুরি শ্রমিকরা মেনে নেবেন না।
সমাবেশে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের সদস্য সোহেল রানা মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: শফিকুল ইসলাম, গার্মেন্টস দর্জি শ্রমিক কেন্দ্রের সভাপতি সাহিদা সরকার, জাতীয় গার্মেন্টস-সোয়েটার শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: রফিক, সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি রুজিনা আক্তার, সাধারণ সম্পাদক কামরুন নাহার এবং বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাছির প্রমুখ। সমাবেশ শেষে শ্রমিকদের দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।



