হোসেনপুরে ভোট কর্মকর্তা নিয়োগ ঘিরে বিতর্ক

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি ও হোসেনপুর সংবাদদাতা

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্টদের অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে তিনি নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সোমবার হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিস এ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের একটি তালিকা প্রকাশ করে। অভিযোগ উঠেছে, ওই তালিকা প্রণয়নে একটি বিশেষ দলের প্রার্থীকে সুবিধা দিতে পক্ষপাতমূলকভাবে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য চিঠি দেয়া হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ উঠছে, হোসেনপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দফতর থেকে যোগ্য ব্যক্তিদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ না দিয়ে পাশের উপজেলা থেকে বেশিসংখ্যক কর্মকর্তাকে আনা হয়েছে। আবার অনেক প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা মনোনীত করে পরবর্তীতে তা বাতিল করা হয়েছে, যা নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। কিশোরগঞ্জ-১ আসনের প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থী জানান, ভোট কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ তারা পেয়েছেন এবং বিষয়টি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। তারা আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা কোনো মন্তব্য করতে রাজি হননি।