চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ শুনানি শেষে দুই মামলায় পাঁচ দিন করে তার মোট ১০ দিনের রিমান্ডের আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ডিএসবি) মো: জুনায়েত কাউছার জানান, হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় আসামির বিরুদ্ধে ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রিমান্ডে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যা মামলা এবং অবৈধ অস্ত্র সংক্রান্ত অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের আশা করছে তদন্ত সংশ্লিষ্টরা।
এ দিকে ইমনকে হাটহাজারী বড়দিঘির পাড় এলাকায় ব্যবসায়ী জসীম উদ্দীনের নির্মাণাধীন ভবনে ৫০ লাখ টাকা চাঁদার জন্য হামলা-ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম এই আদেশ দেন।



