জাতীয় সংসদ এখন মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক : ডেপুটি স্পিকার

Printed Edition

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, “২৪-এর ছাত্র-গণ-অভ্যুত্থানের পর যে নতুন জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে, সেই সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক। বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আরো বিস্তৃত হয়েছে।”

শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এক ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংসদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। সরকারি ও বিরোধী দল উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরো কার্যকর করার চেষ্টা চলছে। ২৪-এর গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।”

এর আগে বরিশাল ও ফরিদপুর সফরের অংশ হিসেবে ভাঙ্গায় পৌঁছলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সফরকালে স্থানীয়দের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময়ও করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।