নাটোর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭৬ সালে দেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন।
তিনি আরো বলেন, ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪-এর আন্দোলনে নজরুলের গানেই জাতি জেগে উঠেছে। শুধু শহর নয়; প্রতিটি গ্রাম গঞ্জে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে।
বিরোধী দলকে উদ্দেশ করে রিজভী বলেন, আপনারা বলেন, আধিপত্যবাদের কাছে মাথা নত না করায় আপনারা ক্ষমতায় আসতে পারেননি। অথচ বিএনপির সাথে জোট করে পেয়েছিলেন ১৮ আসন আর জোট থেকে বের হয়ে পেয়েছিলেন তিন আসন।
তিনি বলেন, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে এটাই স্বাভাবিক; কিন্তু মিথ্যা প্রচারণা চালাবেন না। বিএনপি যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসছে তার সব বাস্তবায়ন করবে। ইতোমধ্যে খাল কাটা ও সব কার্ড দেয়া শুরু হয়েছে।
রিজভী আরো বলেন, বিএনপি সরকার দেশের বন্ধ কলকারখানা চালু করার চিন্তাভাবনা শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সঞ্চালনায় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ ও মো: গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান ও জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।



