বার্লিনে মুসলিমবিদ্বেষী ঘটনা বেড়েছে ৫১ শতাংশ

Printed Edition

আনাদোলু

জার্মানির রাজধানী বার্লিনে মুসলিমবিদ্বেষী ঘটনার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বৈষম্য, হুমকি ও গুরুতর শারীরিক হামলার মতো বিষয়গুলো এই তালিকায় রয়েছে বলে সোমবার একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।

ইসলামবিদ্বেষী হামলা পর্যবেক্ষণকারী জোট ক্লেম জানায়, গত বছর বার্লিনে ৯৭৫টি ঘৃণ্য ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৫১ শতাংশ বেশি।

ক্লেমের সহপরিচালক রিমা হানানো এক বিবৃতিতে বলেন, ‘আমাদের বার্ষিক প্রতিবেদন স্পষ্টভাবে প্রমাণ করে যে, বার্লিনে অনেক মানুষের জন্য মুসলিমবিদ্বেষী বর্ণবাদ একটি দৈনন্দিন বাস্তবতা।’ তিনি আরো বলেন, ‘সবচেয়ে বেশি উদ্বেগজনক হলো ৬৫টি শারীরিক হামলার ঘটনা, যার মধ্যে আটটিকে গুরুতর জখম হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

এতে বিদ্বেষপ্রসূত হুমকি ও ঘৃণ্য হামলার বিভিন্ন বিবরণ দেয়া হয়েছে। এতে বলা হয়, ট্রামে হিজাব পরা নারীদের গায়ে থুতু দেয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে তাদের হিজাব টেনে ছিঁড়ে ফেলার মতো বর্বরোচিত ঘটনাও ঘটেছে। এ ছাড়া মসজিদের বিরুদ্ধে হুমকি এবং এক প্রতিবেশীর বছরের পর বছর ধরে মুসলিমবিদ্বেষী ঘৃণামূলক বার্তা পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে। গোষ্ঠীটি জানায়, পুলিশের কাছে বারবার অভিযোগ করা সত্ত্বেও দৃশ্যত কোনো ব্যবস্থা নেয়া হয়নি এবং এসব ঘটনা অব্যাহত ছিল। ফ্র্যান্সের পর পশ্চিম ইউরোপে জার্মানির মুসলিম জনসংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। দেশটির প্রায় আট কোটি ৩৫ লাখ বাসিন্দার মধ্যে প্রায় ৫৫ লাখ মুসলিম রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে মুসলিমবিদ্বেষী বর্ণবাদ ও সহিংসতার মাত্রা বেড়েছে। বিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি-সহ কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ও আন্দোলনগুলো এর পেছনে ইন্ধন জোগাচ্ছে।