ইউএনবি
মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের শুল্ক আদায়কে বেআইনি ঘোষণা করার পর তিন ডেমোক্র্যাট সিনেটর প্রায় ১৭৫ বিলিয়ন ডলার ফেরতের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, অবৈধভাবে শুল্কারোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র এ অর্থ সংগ্রহ করেছে।
স্থানীয় সময় সোমবার ওরেগনের সিনেটর রন ওয়াইডেন, ম্যাসাচুসেটসের এড মার্কি এবং নিউ হ্যাম্পশায়ারের জিন শাহিন একটি বিল উত্থাপনের উদ্যোগ নেন। প্রস্তাবিত বিল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা বিভাগকে ১৮০ দিনের মধ্যে ওই অর্থ ফেরত দিতে হবে এবং এর ওপর উপযুক্ত সুদও পরিশোধ করতে হবে। এ দাবি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রস্তাবিত বিল অনুযায়ী, ছোট ব্যবসাগুলোকে অগ্রাধিকার দিয়ে অর্থ ফেরত দিতে হবে এবং আমদানিকারক, পাইকার ও বড় কোম্পানিগুলোকে গ্রাহকদের কাছে সেই অর্থ পৌঁছে দিতে হবে।
ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার পেন হোয়ার্টন বাজেট মডেলের হিসাব অনুযায়ী, মোট শুল্ক ফেরতের পরিমাণ দাঁড়াতে পারে ১৭৫ বিলিয়ন ডলার, যা গড়ে প্রতিটি মার্কিন পরিবারের জন্য প্রায় এক হাজার ৩০০ ডলারের সমান। তবে ফেরত দেয়ার কাঠামো নির্ধারণ করা কঠিন হবে।



