টাইমস অব ইন্ডিয়া
ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি দেশটির ‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ (ভিসিওএএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বিকেলে তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন। গতকাল শনিবার এই গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
১৯৮৬ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর ‘আর্মার্ড কোর’-এ কমিশনপ্রাপ্ত ধীরাজ শেঠ ভারতীয় সামরিক বাহিনীর একজন অত্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি খড়গওয়াসলার ঐতিহ্যবাহী ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) প্রাক্তন শিক্ষার্থী। ১৯৯৭ সালে ২০ ল্যান্সার্সের জেনারেল শঙ্কর রায় চৌধুরী অবসর গ্রহণের পর দীর্ঘ প্রায় তিন দশক পর তিনিই প্রথম আর্মার্ড কোরের অফিসার, যিনি ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র ধরে জানা যায়, প্রায় চার দশকের দীর্ঘ সামরিক জীবনে ধীরাজ শেঠ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও ফরমেশনের নেতৃত্ব দিয়েছেন। তিনি মরুভূমি অঞ্চলে একটি আর্মার্ড রেজিমেন্ট, পাটিয়ালাভিত্তিক ৯৮ আর্মার্ড ব্রিগেড, জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ডিভিশন-স্তরের ‘ইউনিফর্ম ফোর্স’ এবং ২১ স্ট্রাইক কোরের কমান্ডিং অফিসার ছিলেন। এ ছাড়া তিনি দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পশ্চিম সীমান্তে দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেয়ার বিরল অভিজ্ঞতাও রয়েছে তার।
একই সাথে স্টাফ ও কৌশলগত বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালনের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ধীরাজ শেঠের। এর মধ্যে সেনাসদর দফতরে অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি, সদর দফতর সাউথ ওয়েস্টার্ন কমান্ডে ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (অপারেশনস) এবং ডিরেক্টর জেনারেল ডিসিপ্লিন, সেরিমোনিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার পদের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অন্যতম।



