যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা, হতাহত ৪,৩০০ ছাড়াল

Printed Edition

আলজাজিরা

আমেরিকার মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই দক্ষিণ লেবাননে সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে ইসরাইল। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত লেবাননের দক্ষিণের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিমান ও ড্রোন হামলা, গুলিবর্ষণ এবং বসতবাড়ি জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

লেবাননের স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, রাতভর চলা ইসরাইলি বাহিনীর এই আচমকা অভিযানে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে যুদ্ধ আতঙ্ক দেখা দিয়েছে। দক্ষিণ লেবাননের টাইর জেলার মানসুরি শহরের কাছে একটি ইসরাইলি ড্রোন থেকে স্টান গ্রেনেড ছোড়া হয়। তবে এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। একই রাতে টাইর জেলার বায়্যাদা অঞ্চল থেকে বিউত আল-সাইয়াদের আবাসিক এলাকা লক্ষ্য করে ভারী মেশিনগান দিয়ে ব্যাপক গুলিবর্ষণ করে ইসরাইলি সেনারা, যা স্থানীয় উত্তেজনাকে আরো উসকে দিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মারজায়ুন জেলার খিয়াম সংলগ্ন বিরকাত আল-হাম্মাম অভিমুখে ইসরাইলি ট্যাংক ও সাঁজোয়া বহর অগ্রসর হতে দেখা গেছে। একই সময়ে খিয়াম শহরের চারপাশজুড়ে ইসরাইলি বাহিনীর সাঁড়াশি তৎপরতা সচল ছিল।

এ ছাড়া মারজায়ুন জেলার কানতারা এলাকায় ঢুকে বেশ কিছু বেসামরিক ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে ইসরাইলি সেনারা। অন্যদিকে বিন্ত জুবেইল জেলার ব্রাআশিত এলাকার লোকালয় লক্ষ্য করে বেইত ইয়াহুন দিক থেকে নির্বিচারে গুলি চালানো হয়। এতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে কোনো হতাহতের খবর মেলেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত চার হাজার ৩২১ জন মানুষ নিহত হয়েছেন। এ ছাড়াও বিভিন্ন হামলায় আহত হয়েছেন আরো ১২ হাজার ২০৪ জন। কূটনৈতিক মহলের মতে, যুদ্ধবিরতি চুক্তি বলবৎ থাকার পরেও দক্ষিণ লেবাননে ইসরাইলের এই অনবরত উসকানিমূলক সামরিক অভিযান ও সীমান্ত সঙ্কট পুরো অঞ্চলকে আবারো একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত করছে।