সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বন্ধক রাখা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ উঠেছে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী গতকাল রোববার সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ব্যবসায়ী মো: হারুন সম্পত্তি কেনার জন্য পরিচিত ও প্রতিবেশী স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত কর্মকারের কাছ থেকে ঋণ নেন। ঋণের বিপরীতে তিনি ৫ ভরি ৫ আনা ৩ রতি স্বর্ণালঙ্কার বন্ধক রাখেন এবং একটি সাদা কাগজে স্বাক্ষর দেন। এর বিনিময়ে তিনি ৪ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করেন।
ভুক্তভোগীর দাবি, ২০২৩ সালের আগস্টে বন্ধক রাখা স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্য প্রায় ১২ লাখ ৯০ হাজার টাকা। সম্প্রতি তিনি ঋণের টাকা পরিশোধ করে স্বর্ণালঙ্কার ফেরত চাইলে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে তা দিতে গড়িমসি করেন।
অভিযোগে বলা হয়, গত ২৫ এপ্রিল মোগরাপাড়া চৌরাস্তা বাজারে অবস্থিত ‘জয় বাবা লোকনাথ স্বর্ণালঙ্কার’ নামের দোকানে গিয়ে স্বর্ণ ফেরত চাইলে হারুনকে অপমান ও হেনস্তা করা এবং স্বর্ণালঙ্কার ফেরত দিতে অস্বীকৃতি জানানো হয়। তিনি বন্ধক রাখা স্বর্ণালঙ্কার উদ্ধার এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সঞ্জিত কর্মকার বলেন, অভিযোগকারীর কাছে তার সুদের টাকা পাওনা রয়েছে। পাওনা পরিশোধ করলে স্বর্ণালঙ্কার ফেরত দেয়া হবে। আর স্বর্ণের পরিবর্তে নগদ অর্থ নিতে চাইলে সেটিও দেয়া হবে।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



