শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার অভিযানে শহরের বিভিন্ন সড়কে অবাধে ঘুরে বেড়ানো তিনটি গরু আটক করা হয়েছে। সোমবার পৌর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে গরুগুলো আটক করে পৌরসভার হেফাজতে নেয়।
পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব গরু শহরের সড়ক, বাজার ও আবাসিক এলাকায় বিচরণ করে যান চলাচলে বিঘœ সৃষ্টি করছিল। পাশাপাশি সবজি বাজারে প্রবেশ করে পণ্য নষ্ট করা, ডাস্টবিনের ময়লা-আবর্জনা ছড়িয়ে দেয়া এবং যেখানে-সেখানে মলমূত্র ত্যাগের কারণে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। এ ছাড়া ব্যস্ত সড়কে গরুর অবাধ বিচরণ দুর্ঘটনার ঝুঁঁকিও বাড়াচ্ছিল।
শ্রীমঙ্গল পৌরসভার প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, জনস্বার্থে কয়েক দিন ধরে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে গরুর মালিকদের শহরে গরু ছেড়ে না দেয়ার আহ্বান জানানো হয়েছিল। নির্দেশনা অমান্য করায় অভিযান চালিয়ে তিনটি গরু আটক করা হয়েছে।
তিনি বলেন, শহরের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।



