নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের দীর্ঘদিন পর করা আপিল গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পৃথক দু’টি আপিল বেঞ্চে শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার নাজিব মোমেন ও আইনজীবী মশিউল আলম। অন্য দিকে প্রসিকিউশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল আইনি বিধান অনুযায়ী, কোনো রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ২০১৩ সালের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল যখন এ মামলার রায় ঘোষণা করেন, তখন আবুল কালাম আযাদ বিদেশে ছিলেন। ফলে দীর্ঘ চার হাজার ৯১৫ দিন অতিবাহিত হওয়ার পর গত ১০ আগস্ট তিনি সর্বোচ্চ আদালতে এ আপিল আবেদন করেন। এতে তিনি আপিল নিষ্পত্তির পূর্ব পর্যন্ত সাজা স্থগিত রাখার পাশাপাশি আপিল দাখিলে দীর্ঘ বিলম্ব মার্জনা করার আরজি জানান।
মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ২০১৩ সালে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। বাংলাদেশের স্বাধীনতার ৪১ বছর পর এটিই ছিল মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত প্রথম কোনো রায়। দণ্ডপ্রাপ্ত আযাদ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে ইসলামবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।



