নিজস্ব প্রতিবেদক
চিকিৎসকদের নিয়ে কটূক্তি, কর্মস্থলে চিকিৎসকদের ওপর ন্যক্কারজনক হামলা এবং স্বাস্থ্যখাতকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল বুধবার রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে সর্বস্তরের চিকিৎসকরা।
মানববন্ধনে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: মো: রফিকূল ইসলাম বলেন, ‘গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাই। স্বাস্থ্যখাতে সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হোক, জবাবদিহি হোক, সংস্কার হোক। কিন্তু মিথ্যা তথ্য, বিদ্বেষপূর্ণ বক্তব্য, অপমানজনক ভাষা এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, চিকিৎসকদের বিরুদ্ধে ‘স্মিয়ার ক্যাম্পেইনিং’ (অপরিকল্পিত অপপ্রচার) চলছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এর পেছনে কোনো বিশেষ স্বার্থগোষ্ঠী বা বহিঃশক্তির সুবিধা জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত হওয়া উচিত বলে তিনি দাবি করেন।



