আমরা শিশু
আমরা কিশোর
মুস্তফা মানিক
আমরা শিশু আমরা কিশোর আমরা গোলাপ ফুল
আলোর প্রদীপ ন্যায়ের পথিক সিংহ ও শার্দুল
আমরা রাতের জোনাক তারা অমানিশায় নুর
ঝগড়া বিভেদ হিংসে ভুলে বাজাই প্রেমের সুর।
আমরা শিশু আমরা কিশোর আমরা গানের পাখি
হেরার আলোয় ঘরে ঘরে প্রীতির মিনার আঁকি
আলোর সাথে ভালোর সাথে আমরা বাঁধি দল
সত্য দিয়ে সাজাই জীবন সতেজ ও নির্মল।
আমরা শিশু আমরা কিশোর আমরা জাতির প্রাণ
দেশের মানুষ মাটির জন্যে মনে নিখাদ টান
আমরা দেশের স্বপ্ন আশা আমরা বুনি সুখ
ভালোবাসার শীতল ছোঁয়ায় বুকে রাখি বুক।
আমরা শিশু আমরা কিশোর আমরা আলোর সাথী
বন্ধু আপন শত্রু পরের জন্যে মালা গাঁথি
আমরা বাজাই প্রেমের বীণা সকাল বিকাল রাত
শান্তি সুখের পায়রা হয়ে জানাই সুপ্রভাত।
পাখি
রিতা ফারিয়া রিচি
বাড়ির কাছে গড়াই নদীর বাঁকে
রোজ সকালে হাজার পাখি ডাকে
দোয়েল, কোয়েল, বুলবুলিদের ঝাঁক
মাঝেমাঝে দেখি, কালো-কাক।
চড়ুই, ঘুঘু, শালিক পাখির মেলা
কাশের বনে করতে থাকে খেলা
আরো কত পাখি আসে রোজ
আমি কি আর রাখি সবার খোঁজ!
হাজার পাখি মনটা আমার টানে
মুগ্ধ আমি পাখপাখালির গানে।
হাতি আর মশা
কোমল দাস
বলল মশা হাতিটাকে
এইভাবে কেউ বেঁচে থাকে?
- গুটিয়ে
আমরা কত ফুর্তি করি
ইচ্ছে মত কত উড়ি
চুটিয়ে।
ইচ্ছে স্বাধীন গানও করি
তোরা করিস গড়াগড়ি
ধুলাতে!
দেখিস ভেবে এসব নিয়ে
পারবি না তুই পাল্লা দিয়ে
কুলাতে।
নেই কোন হূল তোদের ঠোঁটে!
তোর জীবনে নেই তো মোটে
আলোরে
তাই মুখে রাখ কালি মেখে
মশার জীবন হাতির থেকে
ভালোরে।
তোর জীবনে নেইরে আলো
আমরা যাচ্ছি অনেক ভালো
চালিয়ে
হাতি মশার কথা শুনে
গেল দুখের বাসা বুনে
পালিয়ে।
জ্যৈষ্ঠের গরমে
জহিরুল হক বিদ্যুৎ
জ্যোষ্ঠ মাসের প্রখর রোদে
ঘুরছে মাথা ঝরছে ঘাম
এই গরমেই পারছে খোকা
গাছে চড়ে পাকা আম।
ডাকছে দাদু, আয় নেমে আয়
অনেক হলো আম পারা
গোছল করার জন্য এবার
মা দিচ্ছেন খুব তাড়া।
থোকা থোকা ঝুলছে লিচু
একটু দূরে ওই গাছে
গাছে চড়ে লিচু খাওয়ার
এমন মজা কই আছে?
জামগাছের ওই পাকা জামে
করবো খেয়ে মুখটা লাল
দাদুর সাথে করব গোসল
হয় পুকুরে নয়তো খাল।
ফল সমাচার
মিয়া ইব্রাহিম
ভালোবাসি ফুল
বড় বড় কুল
জিবে আসে জল
খাই আতা ফল ।
ভালোবাসি আম
সেরা কালো জাম
কাঁঠালের কোয়া
নারকেলের মোয়া ।
কলা হালি হালি
তরমুজের ফালি
কমলা ও লিচু
খাই সব কিছু ।
খেলে আঙ্গুর জুস
থাকে না তো হুশ
কিশমিশের দানা
সেরা বেদানা ।
ডাবে ভরা পানি
সেরা পথ্য জানি
টলটলা রস
পাকা আনারস ।
শালিক ছানা
শামীম খান যুবরাজ
শালিক ছানা-
উড়ছে মায়ের সাথে
বাড়ির আঙিনাতে।
ছোট্ট উড়াল তার
খুব আদুরে মার।
ডাকছে মৃদু স্বরে
মা দেয় আদর করে।
ছোট্ট শালিক ছানা
উড়তে ছড়ায় ডানা।



