হাম উপসর্গে একদিনে আরো ৮ জনের মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মোট আটজনের মৃত্যু হয়েছে। তারা ঢাকা ও সিলেট বিভাগের বাসিন্দা। এ দুই বিভাগে সমান চারজন করে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২৩২ জন। এর মধ্যে এক হাজার ১৭৭ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৩ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ৩ ০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৩০ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৭২ হাজার ৭২০ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২০ হাজার ১২৪ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৯২ হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৫২ হাজার ১১৭ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৪৬ হাজার ৪০০ জন। চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৮২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৬৪, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮০, বরিশালে ৭৬, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

সিলেটে ফের হামে ৪ মৃত্যু

সিলেট ব্যুরো : সিলেটে তিন দিন মৃত্যুহীন থাকার পর ফের একদিনে হামে চারজনের মৃত্যু হয়েছে। গত শুক্র, শনি ও রোববার (১১-১৩ সেপ্টেম্বর) সিলেটে হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯৫ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুনি ভর্তি হওয়া ১৪৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে সাতজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ১০ বছরের এমরান হোসেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া ১০ মাসের সাফায়েত হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা। একই হাসপাতালে মৃত্যুবরণকারী তিন বছর তিন মাসের শিশু খাদিজা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এবং সাত মাসের ওবায়দুল্লাহ সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।