গাজীপুর জেলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদক এসে সারা দেশে ছড়িয়ে পড়ছে। তাই মাদক কারবার বন্ধ করুন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখুন।
তিনি বলেন, বাংলাদেশের ৭০% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু সরকার তা এখনো বাস্তবায়ন করেনি। বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করেছে, বেইমানি করছে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দলটির কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় অংশ নিতে তিনি গতকাল সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরো বলেন, এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুতের সমস্যা সমাধান করবে। কিন্তু এই বাজেটে তা আমরা দেখতে পাই নাই।
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেন, যতক্ষণ পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণের আকাক্সক্ষা বাস্তবায়ন হবে না। সারা দেশে বিভিন্ন জায়গায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি হচ্ছে। তাই সরকারকে বলতে চাই- মাদক, চাঁদাবাজির সাম্রাজ্য অচিরেই নির্মূল করতে হবে।
সংগঠনের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মতপার্থক্য থাকবে না, যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের বিরুদ্ধে না যাবো। বিএনপি যদি একটি ভালো কাজ করে, আমাদেরও তাদেরকে প্রশংসা করার মতো মানসিকতা থাকতে হবে। আবার কোনো রাজনৈতিক দল যদি সমালোচনা করার মতো কোনো কাজ করে, জনগণের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে, তার যৌক্তিক সমালোচনা করার মতো সৎসাহস থাকতে হবে।
জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা শাখার সভাপতি এম এম সোয়েব, জাতীয় যুবশক্তির নেতারাসহ এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে জুলাই পদযাত্রা শুরু হয়।



