বিশ্ববিদ্যালয় ভাঙার প্রস্তাবকে মুসলিম শিক্ষার ওপর আক্রমণ বললেন ওয়াইসি

Printed Edition
বিশ্ববিদ্যালয় ভাঙার প্রস্তাবকে মুসলিম শিক্ষার ওপর আক্রমণ বললেন ওয়াইসি
বিশ্ববিদ্যালয় ভাঙার প্রস্তাবকে মুসলিম শিক্ষার ওপর আক্রমণ বললেন ওয়াইসি

দি ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের উত্তর প্রদেশের রামপুরে অবস্থিত মোহাম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয়ের ভবন গুঁড়িয়ে দেয়ার উদ্যোগের শক্ত প্রতিবাদ জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের লোকসভা সদস্য ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সাহারানপুরের একটি জনসভায় এই পদক্ষেপকে মুসলিম সম্প্রদায়ের শিক্ষার ওপর ‘সরাসরি আক্রমণ’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

ওয়াইসি জানান, তার রাজনৈতিক দল বিশ্ববিদ্যালয়টির পক্ষে অবস্থান নিয়েছে। কারণ এটি নিছক কোনো অবকাঠামো নয়, বরং মুসলিম সমাজের শিক্ষাগত অগ্রগতি ও ভবিষ্যতের সাথে নিবিড়ভাবে যুক্ত। রাজ্যের মুসলিমদের শিক্ষাগত চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, উত্তর প্রদেশের মোট জনসংখ্যার প্রায় ১৯ থেকে ২০ শতাংশ মুসলিম হলেও তাদের মধ্যে স্নাতক সম্পন্ন করেছেন মাত্র ৩.৫ থেকে ৩.৭ শতাংশ মানুষ। এ ছাড়া সেখানে মুসলিমদের সামগ্রিক সাক্ষরতার হার প্রায় ৫৩ থেকে ৫৪ শতাংশ, যেখানে নারীদের শিক্ষার হার আরো নিচে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভবন ভেঙে ফেললে অন্তত তিন হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন ঝুঁকিতে পড়বে। কোনো আইনি বা প্রযুক্তিগত ত্রুটি থাকলে তা গুঁড়িয়ে না দিয়ে বরং কাঠামোগত সমাধানের মাধ্যমে নিয়মিত করা উচিত।

ওয়াইসির মতে, জওহর বিশ্ববিদ্যালয় ভেঙে ফেলার অর্থ হলো মুসলিম সমাজকে শিক্ষার আলো থেকে দূরে রাখা, যা স্পষ্টতই শিক্ষার ওপর আঘাত। বক্তব্যে আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন নিয়েও কথা বলেন এই নেতা। তিনি জানান, তার দলের মূল উদ্দেশ্য হলো মুসলিম সম্প্রদায়ের নিজস্ব রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠা করা এবং শাসনব্যবস্থায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।