পাবিপ্রবি প্রতিনিধি
স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে এনার্জি ও গণিত বিষয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
র্যাংকিং অনুযায়ী পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পাবিপ্রবির অবস্থান ষষ্ঠ। এ ছাড়া ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতেও বিশ্ববিদ্যালয়টি ষষ্ঠ স্থান অর্জন করেছে। দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে পাবিপ্রবির অবস্থান ১৫তম। এ বছর দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
গবেষণার প্রভাব, উদ্ভাবন ও সামাজিক প্রভাব- এই তিনটি সূচকের ভিত্তিতে সিমাগো ইনস্টিটিউশন র্যাংকিং প্রকাশ করা হয়। গণিত বিষয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। অন্য দিকে এনার্জি ক্যাটাগরিতে দেশের শীর্ষস্থান অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং বিষয়ে দেশসেরা হয়েছে মাভাবিপ্রবি।
এ অর্জনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র্যাংকিং বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা সক্ষমতা, উদ্ভাবন ও সামাজিক প্রভাব মূল্যায়নের মাধ্যমে প্রতি বছর এ র্যাংকিং প্রকাশ করে।



