কাউন্দিয়া সেতু নির্মাণের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ব্যারিস্টার আরমানের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মিরপুর ও সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মধ্যে তুরাগ নদীর ওপর দীর্ঘ প্রতীক্ষিত কাউন্দিয়া সেতু নির্মাণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত মঙ্গলবার সেতু বিভাগ ও স্থানীয় সরকার বিভাগকে ওই বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বরাবর আবেদনে মহিলা আসন- ১৬ এর সংসদ সদস্য সানজিদা ইসলাম উল্লেখ করে বলেন, কয়েক গজের ব্যবধান, অথচ সেতুর অভাবে রাজধানী থেকে কার্যত বিচ্ছিন্ন প্রায় তিন লাখ মানুষ। প্রতিদিন প্রায় দুই লাখ মানুষকে জীবন হাতে নিয়ে নৌকায় তুরাগ পাড়ি দিতে হয়; নদী পার হতে গিয়ে অকালে ঝরে গেছে অনেক প্রাণ। যাতায়াতের অভাবে গড়ে ওঠেনি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা চিকিৎসাকেন্দ্র; পানি, গ্যাস, বিদ্যুৎসহ নানা সঙ্কটে দিন কাটে এ অঞ্চলের বাসিন্দাদের।

জনমানুষের দীর্ঘ দিনের দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে সংবেদনশীলতা ও আন্তরিকতার জন্য ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনকেও কৃতজ্ঞতা জানান এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান তিনি।