ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলার রংপুর-ডালিয়া মহাসড়কের সোনাখুলী সুইস গেট এলাকায় ভুট্টা ব্যবসায়ীকে মারধর করে ২০ লাখ টাকা লুটের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চারটি মোটরসাইকেলে আসা আটজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুট্টা ব্যবসায়ী জামিয়ার রহমান (৪৫) ব্যবসায়িক কাজে জলঢাকায় গিয়ে ফেরার পথে সোনাখুলী সুইস গেট এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি মারধর ও নির্যাতন করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকেন।
তার ছেলে সজিব জানান, রাত ৮টার দিকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভাতিজা সাফিন ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ভুট্টা ব্যবসার সাথে যুক্ত জামিয়ার রহমান ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ডাকাতির শিকার হন। চারটি মোটরসাইকেলে আটজন দুর্বৃত্ত এ ঘটনায় জড়িত ছিল বলে তিনি দাবি করেন।
ডিমলা থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। উল্লেখ্য, গত ২৯ মার্চ একই এলাকায় শতাধিক ট্রাক ও মাইক্রোবাস আটকে চালক-যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও অর্থ ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এরপরও কার্যকর পদক্ষেপ না নেয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।



