রয়টার্স ও এবিসি নিউজ
রাশিয়ার রাজধানী মস্কো ও তার আশপাশের এলাকা লক্ষ্য করে রাতভর চার শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল সোমবার রুশ কর্মকর্তাদের দেয়া তথ্যানুযায়ী, এই হামলায় ১০ জন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মস্কোর দাবি, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটির রাজধানী লক্ষ্য করে পরিচালিত এটি অন্যতম বৃহৎ ড্রোন আক্রমণ।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ইউক্রেনের দিক থেকে চার শতাধিক ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। তবে ড্রোনের একটি বড় অংশ রাজধানীর সীমানার বাইরেই ধ্বংস করা সম্ভব হয়েছে, যার মধ্যে মস্কোর দিকে আসা ৮৫টি ড্রোন মাঝপথেই ভূপাতিত করে রুশ বাহিনী। একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড় হামলা হিসেবে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে আক্রমণ ঠেকানো হলেও পোডোলস্ক, ডমোদেডোভো ও ওডিনতসাভো জেলায় ক্ষয়ক্ষতি এড়িয়ে যাওয়া যায়নি। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিভিন্ন ব্যক্তিগত ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি স্থানে আগুন লাগে।
অন্য দিকে রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে ভয়াবহ ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পাঁচ ঘণ্টাব্যাপী এই হামলায় অন্তত ছয়জন নিহত ও বহু মানুষ আহত হন। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, এটি ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার অন্যতম বৃহত্তম হামলা। এতে কিয়েভকে লক্ষ্য করে ইস্কান্দার-এম ও হাইপারসনিক জিরকনসহ প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা গভীর রাতে বিকট বিস্ফোরণের মাধ্যমে শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।



