বগুড়া নগর ভবন নির্মাণের প্রস্তাব : উচ্চ পদে জনবল পদায়ন

Printed Edition

বগুড়া অফিস

নব সৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের (বসিক) উচ্চ পদে একের পর এক কর্মকর্তা পদায়নের ফলে নগরবাসীর সেবা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বহুতলবিশিষ্ট আধুনিক নগর ভবন নির্মাণের পরিকল্পনা প্রস্তাবনা পাঠানো হয়েছে সরকারের কাছে।

বগুড়া নগর ভবন সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল বগুড়া সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের (বসিক) ফলক উন্মোচন করেন। এরপর প্রায় এক মাসের মাথায় স্থানীয় সরকার বিভাগ ২১টি ওয়ার্ড নিয়ে প্রায় ৭০ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট বসিকের গেজেট প্রকাশ করে। এর কয়েক দিন পর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাবেক ছাত্র নেতা ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীনকে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তার পরই বিসিএস (বন) ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা মো: সাইদ আলীকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), সচিব পদে বিসিএস (প্রশাসন ) ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: পপি খাতুন, প্রধান প্রকৌশলী পদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সিনিয়র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসই) মো: শিরাজুল ইসলামকে পদায়ন করার পর তারা নিজ নিজ পদে যোগদান করে দায়িত্ব পালন শুরু করেছেন। এ ছাড়া দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পদায়ন করা হয়েছে, যারা চলতি সপ্তাহে কর্মস্থলে যোগ দিতে পারেন। একই সাথে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান বর্জ্র ব্যবস্থাপনা কর্মকর্তা পদে সরাসরি সরকার নিয়োগ দেবেন বলে জানা গেছে। অবশিষ্ট নিম্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ দেবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

এ দিকে বগুড়া সিটি করপোরেশনের (বসিক) আধুনিক বহুতল বিশিষ্ট নতুন ভবন নির্মাণের লক্ষ্যে নগরীর সেউজগাড়ী এলাকাস্থ বগুড়া রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের (স্টেশন রোডসংলগ্ন) রেলওয়ের জায়গা প্রাথমিকভাবে নির্ধারন করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। পৌর ভবনের বর্তমান স্থাপনা ও জায়গা নগর ভবনের জন্য যথেষ্ট নয় বলে নগর ভবন বড় পরিসরে বহুতল স্থাপনা নির্মাণের জন্য এ প্রস্তাবনা দিয়েছে সিটি করপোরেশন।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানিয়েছেন, সরকারের অভিপ্রায় অনুযায়ী নগর ভবন নির্মাণের নতুন প্রস্তাবনা দেয়া হয়েছে।