দোয়ারাবাজারে কৃষকদের সহায়তা বিতরণে অনিয়ম

Printed Edition

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের জন্য সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে চেয়ারম্যানের ঘনিষ্ঠ ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে।

গত সোমবার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। স্থানীয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সহায়তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মিলন খান বিতরণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন দোয়ারাবাজার উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য সোনা মিয়া, তার শ্যালক যুবলীগ নেতা উসমান গনি, ছেলে আল মামুন, শ্বশুর আব্দুল হান্নান এবং ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও সাবেক ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদের পিতা শহিদ মিয়াসহ চেয়ারম্যানের ঘনিষ্ঠ কয়েকজনের নাম রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান মিলন খানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, কোনো অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া সহায়তা বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার উপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান ইউএনও।